প্রিন্ট এর তারিখঃ Oct 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 26, 2026 ইং
নোবেল না পাওয়ায় নরওয়েকে কড়া ভাষায় আক্রমণ ট্রাম্পের

নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার ক্ষোভ থেকে নরওয়ের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে নরওয়ের অভিবাসীদের যুক্তরাষ্ট্রে স্বাগত জানানো হবে না বলেও মন্তব্য করেছেন তিনি।
রোববার যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের পোর্ট হুরনে এক নির্বাচনি সমাবেশে এসব কথা বলেন ট্রাম্প। আগামী সপ্তাহের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে রিপাবলিকান দলের এক সিনেট প্রার্থীর সমর্থনে আয়োজিত ওই সমাবেশে তিনি বলেন, কয়েকটি দেশের অভিবাসীদের যুক্তরাষ্ট্রে স্বাগত জানালেও নরওয়ের কাউকে চান না। কারণ, তিনি নোবেল শান্তি পুরস্কার পাননি।
নরওয়েকে নিয়ে অবমাননাকর মন্তব্য করে ট্রাম্প বলেন, দেশটি এখন একটি ‘জঘন্য দেশে’ পরিণত হয়েছে। এর আগে হাইতি, লিবিয়া, সোমালিয়া ও ইয়েমেনের ক্ষেত্রেও একই ধরনের শব্দ ব্যবহার করেছিলেন তিনি।
সমাবেশে ফ্রান্সের সাম্প্রতিক অস্থিরতার জন্যও অভিবাসনকে দায়ী করেন ট্রাম্প। তবে নরওয়ের অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দেওয়ার বিষয়ে প্রশাসন নতুন কোনো সরকারি নীতি গ্রহণ করছে, এমন ইঙ্গিত পাওয়া যায়নি।
মাথাপিছু জিডিপির হিসাবে নরওয়ে বিশ্বের উচ্চ আয়ের দেশগুলোর একটি। দেশটির সার্বভৌম সম্পদ তহবিল ২০২৬ সালের প্রথম ছয় মাসে রেকর্ড ১ লাখ ৭৫ হাজার কোটি নরওয়েজীয় ক্রোনার বা ১৮ হাজার ৪৩০ কোটি ডলার মুনাফা করেছে।
চলতি মাসের শুরুতেও নোবেল শান্তি পুরস্কার না পাওয়াকে নরওয়ের জন্য ‘অমোচনীয় কলঙ্ক’ বলে মন্তব্য করেছিলেন ট্রাম্প। এ বিষয়ে নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় ও নোবেল কমিটির কোনো প্রতিনিধি তাৎক্ষণিকভাবে মন্তব্য করেননি।
সূত্র: রয়টার্স
এই ওয়েবসাইটের সকল ছবি ও ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার করা নিষেধ। উক্ত নিউজ পোর্টালটির নিবন্ধন কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।